ছদ্মনামে কুরিয়ারে চাকরি নিয়ে গ্রাহকের টাকা আত্মসাত, চালক রুবেল কারাগারে

পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রুবেল গাজী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লোচনাবাদ এলাকার মৃত মো. মালেক গাজীর ছেলে। তাঁর মায়ের নাম আমেনা খাতুন ।
মামলা ও পুলিশি তদন্ত সূত্রে জানা যায়, রুবেল গাজী অত্যন্ত সুকৌশলে তার আসল নাম-পরিচয় গোপন রেখে 'ফারুক হোসেন' সেজে 'এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস' লিঃ এ চালক হিসেবে যোগ দেন। গত বছরের ২১ সেপ্টেম্বর (২১/০৯/২৪) তিনি গ্রাহকের নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান।
ঘটনার পর কুরিয়ার সার্ভিসের হেড অফিসের এইচ আর প্রশাসন ম্যানেজার মাইনুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে যে, চালক ফারুক হোসেন আসলে রুবেল গাজী, যিনি অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই ভুয়া পরিচয়ে চাকরিতে ঢুকেছিলেন।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে আসামী মোঃ রুবেল গাজী (৩৭) কে ১৯/০৪/২০২৬ ইং তারিখ ০১.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম বন্দর থানাধীন উত্তর ঘোষাইলডাঙ্গা ঠান্ডা মিয়া মসজিদ সংলগ্ন আসামী রুবেল গাজীকে তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেন যে, তিনি পরিকল্পিতভাবেই ছদ্মনাম ব্যবহার করে চাকরিতে যোগ দিয়েছিলেন এবং টাকা নিয়ে পালিয়েছিলেন।
পরে আসামী রুবেল গাজীকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারকের সামনে ঘটনার সত্যতা স্বীকার করেন পরবর্তীতে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসাত করা টাকা উদ্ধার এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/২০ এপ্রিল/এসএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































