বগুড়ায় চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস

বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা এই সার্ভিসে চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১০টায় বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রাথমিকভাবে বগুড়ায় দুটি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। এর মধ্যে একটি শেরপুর-মাটিডালি রুটে চলাচল করবে। অন্য বাসটি মোকামতলা-বনানী রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বগুড়ার আরও গুরুত্বপূর্ণ রুটে নারী যাত্রীদের জন্য এ সেবা সম্প্রসারণ করা হবে বলে বিআরটিসি সূত্রে জানা গেছে।
বিআরটিসি বগুড়া বাস ডিপো সূত্রের তথ্যানুযায়ী, এব নম্বর বাসটি শেরপুর থেকে যাত্রা শুরু করে শেরপুর উপজেলা গেইট, গাড়িদহ বাজার, পল্লী উন্নয়ন একাডেমি স্কুল, নয়মাইল মোড়, শাজাহানপুর উপজেলা গেইট, বি-ব্লক সেনানিবাস, মাঝিড়া বাজার, ব্যুরো প্রশিক্ষণ কেন্দ্র, বনানী বাজার, পলিটেকনিক্যাল কলেজ গেইট, পপুলার হাসপাতাল, সাতমাথা, দত্তবাড়ি মোড় এবং সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ হয়ে মাটিডালি মোড় পর্যন্ত চলাচল করবে। বাসটি প্রতিদিন সকাল ৭:২০ মিনিটে শেরপুর থেকে ছাড়বে এবং বিকেল ৩:০০ টায় মাটিডালি মোড় থেকে ফিরতি যাত্রা করবে। আপ-ডাউন মিলিয়ে ৫৬ কিলোমিটারের এই পথের পুরো ভাড়ার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬৩ টাকা।
দুই নম্বর বাসটি মোকামতলা থেকে যাত্রা শুরু করে মহাস্থান বাজার, টিএমএসএস হাসপাতাল, মাটিডালি মোড়, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, দত্তবাড়ি মোড়, সাতমাথা এবং পপুলার হাসপাতাল হয়ে বনানী বাজার পর্যন্ত চলাচল করবে। বাসটি সকাল ৭:২০ মিনিটে মোকামতলা থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৩:০০ টায় বনানী বাজার থেকে ফিরতি পথে রওনা হবে। আপ-ডাউন ৫০ কিলোমিটার দীর্ঘ এই রুটের সর্বমোট ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়াও রয়েছে। শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে নারী যাত্রীদের জন্য এ সেবা চালু করা হচ্ছে। তিনি বলেন, বাসগুলোর চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী হবেন এবং যাত্রীরাও থাকবেন নারী। এর ফলে কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ পাবেন।
রেজাউল করিম বাদশা আরও বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। তাদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত না করে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের বাস সার্ভিস চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বগুড়া মহিলা দলের নেত্রী নাজমা আক্তার বলেন, কর্মজীবী নারীদের প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের সময় নানা সমস্যার মুখোমুখি হতে হয়। গণপরিবহনে অনেক সময় তাদের বিড়ম্বনা ও অস্বস্তির শিকার হতে হয়। নারী যাত্রীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু হওয়ায় এসব ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা করেন।
(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































