মালয়েশীয়দের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা পিয়ংইয়ংয়ের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১০:১৫| আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৪:১১
অ- অ+

উত্তর কোরিয়াতে অবস্থানরত সকল মালয়েশিয়ান নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামের হত্যাকে কেন্দ্র করে সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের শুরু। এরই মধ্যে আজ মঙ্গলবার দেশত্যাগে নিষেধাজ্ঞার ঘোষণা দিল উত্তর কোরিয়া।

মালয়েশিয়াতে নিযুক্ত উত্তর কোরিয়ান রাষ্ট্রদূতকে বরখাস্তের সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরেই এই সিদ্ধান্তের কথা জানায় পিয়ংইয়ং। গতকাল সোমবার মালয়েশিয়া ছেড়ে নিজ দেশে ফেরত চান বরখাস্ত হওয়া রাষ্ট্রদূত।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন, ‘আমরা পাল্টা প্রতিশোধ হিসেবে এমন কোন সিদ্ধান্ত নেব না। তবে আমাদেরও উচিত উত্তর কোরীয়দের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা। পিয়ংইয়ং যদি এই হত্যাকাণ্ড নিয়ে কোন ষড়যন্ত্র করতে চায় তাহলে আমাদেরও উচিত হবে এমন পদক্ষেপ নেয়া।’

সেই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, উত্তর কোরিয়ার যেসব নাগরিক মালয়েশিয়াতে আছেন তাদের ওপর কোন নিষেধাজ্ঞা আসবে না।

উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি দেশটির পররাষ্ট্র মন্ত্রীর বরাত দিয়ে জানায়, ‘উত্তর কোরিয়াতে অবস্থানরত মালয়েশিয়ার সকল নাগরিককে আপাতত দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে তারা দেশত্যাগ ছাড়া স্বাভাবিক জীবন যাপনের জন্য যা যা করা প্রয়োজন তার সবই করতে পারবে।’

জানা যায়, এই মুহূর্তে উত্তর কোরিয়াতে মালয়েশিয়ার মোট ১১জন নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে নয়জন দূতাবাসের কর্মকর্তা এবং দুইজন জাতিসংঘের খাদ্য বিষয়ক প্রকল্পের আওতায় সেখানে কর্মরত রয়েছেন।

উত্তর কোরিয়ার এমন সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রী খায়ের জামালউদ্দিন টুইটার বার্তায় বলেন, ‘এটি অপ্রত্যাশিত এবং চূড়ান্ত প্রতিহিংসামূলক।’

ন্যামকে গত মাসে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে মালয়েশিয়ান বিমানবন্দরে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে ভিসামুক্ত চুক্তিও বাতিল করে মালয়েশিয়া। সেই সঙ্গে তাদের রাষ্ট্রদূতকে নিজ দেশে তলব করে নেন।

ন্যাম হত্যার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। উত্তর কোরিয়া চেয়েছিল মরদেহের ময়নাতদন্ত ছাড়াই এটি হস্তান্তর করা হোক। কিন্তু মালয়েশিয়া সেই পরামর্শ না মেনে লাশের ময়নাতদন্ত করে। এই হত্যাকাণ্ড নিয়ে মালয়েশিয়ার তদন্তেরও কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া এবং ময়নাতদন্তের প্রতিবেদনও তারা প্রত্যাখ্যান করেছে। মৃতদেহটি যে কিম জং ন্যামের সেটিও নিশ্চিত করেনি পিয়ংইয়ং। তাকে শুধুমাত্র একজন উত্তর কোরিয়ার নাগরিক হিসেবেই স্বীকার করেছে।

ন্যাম ভিন্ন নামে একটি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন। যদিও মালয়েশিয়া ওই হত্যাকাণ্ডের জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করেনি। তবে ব্যাপক সন্দেহ রয়েছে যে পিয়ংইয়ং-ই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন উত্তর কোরীয় নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। এরই মধ্যে একজন ইন্দোনেশীয় এবং একজন ভিয়েতনামের এক নারীকে হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭মার্চ/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর
শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা