এতিমখানা দুর্নীতি মামলা
খালেদার পুনঃতদন্তের আবেদন হাইকোর্টে নাকচ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থার আবেদন গ্রহণের পর দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরেক আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। ‘ফান্ডটিতে টাকা সৌদি আরব, না কুয়েত থেকে এসেছে’ সেই অংশটুকুর পুনঃতদন্ত চেয়ে এই আবেদন করেছিলেন বিএনপি নেত্রী। কিন্তু সেটা খারিজ হয়ে যাওয়ায় বিচারিক আদালতে এই মামলার শুনানি চলতে আর কোনো বাধা নেই।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজাক খান। সঙ্গে ছিলেন জাকির হোসেন ভূঁইয়া। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
হাইকোর্টের রায়ের বিষয়ে দুদকের আইনজীবী বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষ থেকে একটি অংশ পুনঃতদন্ত চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। তাদের পক্ষ থেকে কিছু পর্যবেক্ষণ চাওয়া হয়েছিল। সে বিষয়েও কোনো পর্যবেক্ষণ দেননি আদালত।’ তিনি বলেন, ‘আমরা আদালতে বলেছি,মামলায় আসামিপক্ষে পুনঃতদন্ত চাওয়া হয়েছে এরকম কোন নজির এই উপমহাদেশে নেই।’
খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূইয়া বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলার কোথাও নেই খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকার একটি টাকাও নিয়েছেন। সাক্ষীরাও এরকম কথা বলেনি।’ আসামিপক্ষের মামলায় পুনঃতদন্ত চাওয়ার কোনো নজির আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এরকম মিথ্যা মামলা এই পৃথিবীতে এই একটিই হয়েছে। তবে পুনঃতদন্তে আদেশ দেওয়ার ক্ষমতা হাইকোর্টের আছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলেন, খালেদা জিয়া অর্থ চুরি করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি এই মামলার এজহারটি পড়তেন তাহলে অর্থ চুরির কথাটি আর বলতেন না।’
রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তর প্যারেড মাঠে ঢাকার-৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচারকাজ চলছিল। তবে মামলাটিতে বুধবার বিচারক পরিবর্তন করে আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এখন এটা পাঠাতে হবে ঢাকা মহানগর বিশেষ সিনিয়র জজ আদালতে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
খালেদা জিয়ার জাকির হোসেন ভূঁইয়া ঢাকাটাইমস জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা এসেছে সৌদি আরব থেকে। প্রকৃতপক্ষে এই অর্থ এসেছে কুয়েত থেকে। কুয়েতের আমির অরফানেজ ট্রাস্টের জন্য টাকাটা দিয়েছেন। যেই টাকা লাভসহ প্রায় পৌনে ছয় কোটি এখনও ট্রাস্ট ফান্ডে জমা রয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী বলেন, ‘টাকা কোথা থেকে এসেছে তার তদন্ত করার জন্য বিচারিক আদালতে আমরা আবেদন করেছিলাম। কিন্তু সেই আবেদন গত ২ ফেব্রুয়ারি খারিজ করে দিয়েছে। যার বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলাম।’
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা করা হয়।
খালেদা ছাড়াও এ মামলার অপর আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান।
ঢাকাটাইমস/০৯মার্চ/এমবি/ডব্লিউবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













