বসন্তের ‘বাদল দিন’ থাকবে দুই দিন

আসাদুজ্জামান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১১:৫৭| আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৮:০৪
অ- অ+

বাঙালির আদরের ‘বাদল দিন’ এসেছে বসন্তেই। তাও বৃষ্টি আবার ছুটির দিনে। মনে উঁকি দিচ্ছে কাব্য। সেই সঙ্গে আবার রসনা বিলাসের আয়োজন। সব মিলিয়ে চলতি সপ্তাহের সাপ্তাহিক ছুটির দুইটি দিন একটু অলস বাংলাদেশ।

শুক্রবার বিকালের পর থেকেই ঝুম বৃষ্টি রাজধানীতে। দেশের বেশিরভাগ অঞ্চলেই আকাশ মেঘে ঢাকা। শীত শেষে গরম আসার আগে আগে উত্তপ্ত হতে থাকা প্রকৃতি আবার ফিরিয়ে দিয়েছে হিম শীতলতা। আড়মোড়া ভাঙতে চায় না শরীর, এর মধ্যে যাদের বাইরে যেতে হচ্ছে, সীমা নেই তাদের আফসোসের।

ইশ, আরেকটু সময় যদি শুয়ে থাকা যেতো! পরিচিতজনদের মধ্যে অনেকেরই আফসোস। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বৃষ্টি বন্দনা, আর বাইরে বের হওয়া মানুষদের আক্ষেপ যেন শেষই হচ্ছে না।

রাজীব আহসান নামে একজনকে কবি বানিয়ে দিয়েছে এই মেঘলা আকাশ। তিনি লিখেছেন:

বৃষ্টি তুমি আরো কিছুক্ষণ

থাক না আমার পাশে

শরীর মন জুড়িয়ে নেই

একটু... এক নিঃশ্বাসে।

খরতাপের দিনগুলোয়

বৃষ্টি তুমি আসবে বলে

অপেক্ষার প্রহর গুনি....।

সাধারণত ফাল্গুন মাসে তেমন একটি বৃষ্টি হয় না দেশে। কিন্তু এবারের আবহাওয়াটা গত ছয় মাস ধরেই ব্যতিক্রম। যখন গরম থাকার কথা না, তখন ভীষণ গরম দেশে, যখন তীব্র শীত পড়ার কথা, তখনও পাখা ছেড়ে ঘুমিয়েছে মানুষ, যখন বৃষ্টি তেমন হওয়ার কথা না তখন অঝর বর্ষা ভিজিয়ে দিয়েছে চারপাশ, যখন বৃষ্টিস্নাত দিন স্বাভাবিক, তখন মেঘের জন্য মানুষের অপেক্ষা, আকুতে।

ফাল্গুনের শেষে টানা বৃষ্টি খানিকটা অস্বাভাবিক, বলছে আবহাওয়া অধিদপ্তরও। তবে গত সপ্তাহে দেশের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি হচ্ছে। রাজধানীতে এমন আবহাওয়া থাকতে পারে আরও দুই থেকে তিনটি দিন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল্লাহ মান্নান ঢাকাটাইমসকে জানান, ‘আজ ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৭২ ঘণ্টা সময় লেগে যেতে পারে।’

রাজধানীর কেন্দ্রস্থলেই যখন মেঘলা আকাশ, তখন উপকূলে আবহাওয়া একটু বেশিই বিরূপ। বৈরী আবহাওয়ার কারণে দ্বীপ সেন্ট মার্টিনসে আটকা পড়েছেন আনুমানিক দেড় হাজার পর্যটক, সেখানে যাওয়ার জাহাজগুলো নোঙ্গর ফেলে বসে আছে নিরাপদে।

আবহাওয়া অধিদপ্তর নদীবন্দরগুলোতে দুই নম্বর এবং উপকূলীয় জেলা ও সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। এসব এলাকার মাছ ধরার ট্রলারগুলোকেও উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, খুলনা, বরিশাল, চট্রগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে আগামী ২৪ ঘণ্টায়। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশেপাশের এলাকায় দিয়ে ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ঢাকায় বাতাসের আদ্রতা ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় গড় বৃষ্টিপাতের পরিমান ৩৮ মিলিমিটার। ঢাকা বিভাগের সবচেয়ে বৃষ্টি রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। সেখানে বৃষ্টি পড়েছে ৫১ মিলিমিটার। ঢাকায় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টি পড়েছে ৩৮ মিলিমিটার।

(ঢাকাটাইমস/১১মার্চ/এজেড/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১৬ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
স্পেনের নাটকীয় জয়, বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা