পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাব: কিম

‘কিম জং উন এক কথার মানুষ। পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, আশা করি সেটা বজায় রেখে চলবেন’- উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক সম্পর্কে মঙ্গলবার একথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই হুঙ্কার ছুড়ে কিম জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট তাদের শত্রুমনোভাবপন্ন নীতি থেকে সরে না এলে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন তারা। শুধু তাই নয়, আগামী দিনে আরও উন্নত মানের পরমাণু অস্ত্র নিয়ে আসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
দু’দেশের বৈঠকের পর উত্তেজনার পারদ কিছুটা নেমেছিল। গোটা বিশ্বকে চমকে দিয়ে কিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, কিমের এই হুঁশিয়ারিতে ফের মাথাচাড়া দিতে শুরু করবে সেই উত্তেজনা।
পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সদ্য শেষ হওয়া বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিমের বার তিনেক বৈঠক হয়। তবে উত্তর কোরিয়া অভিযোগ তুলেছে, তারা সহযোগিতার হাত বাড়ালেও ডোনাল্ড ট্রাম্পের দেশ তাতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না।
এ প্রসঙ্গে কিম বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান থেকে সরে না আসে তা হলে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়া হবে’। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তার মন্তব্য, ‘আলোচনার জন্য সব সময়ই দরজা খোলা’।
দুই দেশের সম্পর্কোন্নয়নে আলোচনা করলেও উত্তর কোরিয়ার ওপর থেকে এখনও নিষেধাজ্ঞা তোলেনি যু্ক্তরাষ্ট্র। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে তারা। আর তাতেই বেজায় চটেছেন কিম। এ প্রসঙ্গে কিমের হুঁশিয়ারি, ‘শুধু আমরাই প্রতিশ্রুতি রক্ষা করে যাব এটা হতে পারে না। যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর দাদাগিরি করতে চায় তা বরদাস্ত করা হবে না। নিজেদের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাব’।
কিমের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আশা করছি হিংসার পথ ছেড়ে শান্তির রাস্তাকেই বেছে নেবেন কিম’।
ঢাকা টাইমস/০১জানুয়ারি/একে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































