মৌলভীবাজারে নিখোঁজের একদিন পর কিশোরীর ভাসমান লাশ

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের একদিন পর ফাহমিদা (১২) নামে এক কিশোরীর ভাসমান লাশ পাওয়া গেছে। সোমবার লঘাটা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
লঘাটা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ফাহমিদা। ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখোঁজি করেও তাকে পায়নি। পরে সোমবার সকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের কুতুব মিয়ার বাড়িতে বেড়াতে আসে কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের ছালিক মিয়ার মেয়ে ফাহমিদা। রবিবার বেলা ১২টার দিকে সে লঘাটা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনগর থানা পুলিশের তৎপরতায় মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি দল এবং সিলেট থেকে ডুবুরি নামিয়ে ফাহমিদাকে উদ্ধারে ব্যর্থ হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া নিতে চাচ্ছে। তার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে পারলে লাশ পরিবারকে দেয়া হবে। নতুবা থানায় নিয়ে আসা হবে এবং ময়নাতদন্ত করা হবে।
(ঢাকাটাইমস/২০জুলাই/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































