ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ‘পাবনা দই ঘর’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার ওই প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই, ঘি ও অন্যান্য মিষ্টান্ন প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুত খাবার খোলা অবস্থায় রাখা, পোড়া তেল ব্যবহার, নিবন্ধন ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব কার্যক্রম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সব ধরনের অনিয়ম সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
অভিযানে সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ। এছাড়া ঈশ্বরদী উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আবু কায়সার অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































