চেয়েছিলাম আর কখনো আরশের সঙ্গে দেখাও না হোক: তানিয়া বৃষ্টি

ছোটপর্দার আলোচিত জুটি আরশ খান ও তানিয়া বৃষ্টির ব্যক্তিগত রসায়নের কথা শোবিজে কারও অজানা নয়। তারা প্রেমের সম্পর্কে রয়েছেন—এমন চর্চা চলেছে বহুদিন। কিন্তু কেউ এ নিয়ে মুখ খোলেননি। উল্টো মাঝে ফাটল ধরে আরশ-তানিয়ার সম্পর্কের দেয়ালে। ফলে একসঙ্গে কাজও করেননি অনেকদিন।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তানিয়া জানালেন, তিনি নাকি চেয়েছিলেন, একসঙ্গে অভিনয় তো দূরে থাক, আরশের সঙ্গে আর কখনো দেখাই না হোক। তবে নতুন খবর হলো, দূরত্ব ঘুচিয়ে ফের একসঙ্গে কাজ করছেন আরশ-তানিয়া। খুব শিগগির ‘প্রেম কাহিনি’ নামে একটি রোমান্টিক নাটকে দেখা যাবে তাদের।
আরশের সঙ্গে সম্পর্কটাকে ‘বন্ধুত্ব’ তকমা দিয়ে সাক্ষাৎকারে তানিয়া বলেন, ‘আমাদের বন্ধুত্বে একটা অভিমান তৈরি হয়েছিল। আমরা কে কী চাচ্ছিলাম সেটা বুঝতে পারছিলাম না। আশপাশের আরও কিছু ঘটনাও ছিল এর পেছনে। আমি এমনটাও চেয়েছিলাম, আরশের সঙ্গে কাজ তো দূরে থাক, আর কখনো দেখাও না হোক।’
তাহলে কার উদ্যোগে ফের আরশের কাছাকাছি এই অভিনেত্রী?
তানিয়া বলেন, ‘আমরা নিজেদের উদ্যোগেই দূরত্বে ইতি টেনেছি। মনে হয়েছে আমাদের জুটিটা দর্শক এত পছন্দ করে, তাদের ঠকিয়ে তো লাভ নেই। তাছাড়া আরশ অভিনেতা হিসেবে আমার খুব প্রিয়। কাজে বেশ মনোযোগী। পরিচালক যা চান সেটা আরশ করে দেখায়। আমিও তার সঙ্গে অভিনয় খুব উপভোগ করি।’
২০২১ সালের নভেম্বরে ‘লন্ড্রি বয়’ নামে একটি নাটকে প্রথম জুটি বেঁধে কাজ করেন আরশ ও তানিয়া। মাত্র দেড় বছরে ৫০টিরও বেশি নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের। তানিয়া বলেন, ‘সহশিল্পীর সঙ্গ উপভোগ না করলে কি এত নাটক করা যায়! এখন থেকে আবার আমাদের জুটির নাটক নিয়মিত দেখতে পাবেন দর্শক।’
২০১২ সালে ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে আলোচনায় আসেন মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বৃষ্টি। তারপর থেকে নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপন এবং নাটকে। চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। কিন্তু বড় পর্দায় নিয়মিত হতে পারেননি। তবে ছোটপর্দায় তার বেশ নামডাক।
সম্প্রতি তানিয়া-আরশ জুটি ‘প্রেম কাহিনি’ নামে যে নাটকটির কাজ শুরু করেছেন, সেটি পরিচালনা করছেন মারুফ হাসান সজীব। সামনে ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং নিয়ল আলমগীরের সঙ্গে দুটি নাটকে অভিনয় করার কথা রয়েছে তার। এই দুজনের সঙ্গেও তানিয়ার জুটি দর্শকপ্রিয়।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এজে)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































