নির্বাচন উপলক্ষে রাজধানীতে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের আশেপাশে অশ্বারোহী দল ঘোড়া নিয়ে টহল দিতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন সড়কে ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের ছয়টি সুঠাম, লম্বা ও বলিষ্ঠ ঘোড়া নিরাপত্তা টহলের দায়িত্বে ছিল। ঘোড়ার পিঠে সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী বসানো ছিল।
নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে ঘোড়াগুলো ধীরগতিতে চলাচল করছিল। ডিএমপির অশ্বারোহী দলের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ শুরুর আগ থেকেই তারা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এ পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং ভালো রয়েছে।
তিনি আরও বলেন, “ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে, যা দুপুর পর্যন্ত এইভাবে টহল চালাবে।”
ডিএমপির অশ্বারোহী টহল ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে চলার নিশ্চয়তা প্রদান করছে।
(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































