এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে রিটের পূর্ণাঙ্গ নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দেওয়া হাইকোর্টের নির্দেশনা স্থগিতের আদেশ বহাল রেখে আপিল বিভাগ রিটটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত বছরের ২৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন।
পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ব্যারিস্টার সাব্বির আজম ও আইনজীবী মো. ফিরোজ হোসেন।
রিট আবেদনে অভিযোগ করা হয়, মুজিববর্ষ, ‘মুজিব’ সিনেমা, রাজনৈতিক প্রচারণা কার্যক্রম, আর্থিক অনিয়ম, অর্থপাচার এবং কর ফাঁকির মতো বিষয়ে এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ নেয়নি।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান এবং তানিম খান।
আদালত ও এশিয়াটিকের আইনজীবী সূত্রে জানা যায়, হাইকোর্ট বিভাগের আদেশ পাওয়ার পর এশিয়াটিক গ্রুপ চেম্বার আদালতে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করে। ২৮ আগস্ট চেম্বার জজ আদালত সংক্ষিপ্ত আদেশে হাইকোর্টের নির্দেশনা স্থগিত করে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরবর্তীতে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্ট বিভাগের আদেশের কার্যকারিতা স্থগিত রাখেন।
সোমবার (২০ এপ্রিল) আপিল বিভাগে মামলাটি শুনানির জন্য ধার্য ছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আপিল আবেদনটি নিষ্পত্তি করেন। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের আদেশটির ওপর স্থগিতাদেশ বহাল রেখে রিট পিটিশনটি সম্পূর্ণরূপে নিষ্পত্তির জন্য আবার নির্দেশ দেন আপিল বিভাগ।
দুই আইনজীবীর রিটে এশিয়াটিক গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের পাশাপাশি কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান নূর, ইরেশ যাকের, সারা যাকের, মোর্শেদ আলম, রেজাউল হাসান, ইকরাম মইন চৌধুরী ও মোহাম্মদ হাসান ফারুক।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































