‘মা মারা গেছেন, টাকা পাঠান’, বিচারকের কণ্ঠে ফোন, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৭:৫৬
অ- অ+

বিচারকের কণ্ঠস্বর নকল করে পরিচিতজনদের কাছে ফোন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান মিম (২৭)। তিনি নাটোর জেলার বাসিন্দা। বুধবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) নাটোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় বাদী একজন যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। প্রতারক চক্র বিচারকের নাম, পরিচয় ও পদবী ব্যবহার করে তার বন্ধু, সহকর্মী ও আত্মীয়-স্বজনদের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা চালায়।

একপর্যায়ে তারা কৃত্রিমভাবে বিচারকের কণ্ঠস্বর অনুকরণ করে পরিচিতজনদের ফোন দেয়। ফোনে বলা হয়, বিচারকের মা ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন।

এমন ফোন পেয়ে বিভ্রান্ত হয়ে বিচারকের এক পরিচিত ব্যক্তি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন। একই কৌশলে আরও কয়েকজনের কাছ থেকেও অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

পরে বিষয়টি জানতে পেরে বাদী ২০২০ সালের ৯ নভেম্বর শেরপুর সদর থানায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা করেন।

তদন্তভার গ্রহণ করে সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে প্রতারণা করে আসছে। তদন্তের একপর্যায়ে মেহেদী হাসান মিমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং পরিচয় যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছে সিআইডি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার
নতুন বাজেটে পুঁজিবাজারের জন্য যা থাকছে
২৫৮৬ কোটি ৬ লাখ টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাব
যেসব খাতে বিআইএন বাধ্যতামূলক হচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা