আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদের মেয়র হাবিব-উর-রহমান মনসুর বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল ও পৌরসভার কর্মকর্তারা।
জিও নিউজের খবরে বলা হয়, মেয়রকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে চালানো হয় বোমা হামলা। এতে তিনি নিহত হন। ফয়জাবাদ পৌরসভার এক কর্মচারী জানান, তাদের কর্মস্থলের কাছে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন। হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি।
এ হামলার মাত্র তিন সপ্তাহ আগে একই অঞ্চলে বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি নিহত হন। ফয়জাবাদের দিকে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আফগানিস্তানে সক্রিয় সশস্ত্রগোষ্ঠী দায়েশ-খোরাসান ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল।
দূরবর্তী পাহাড়ি অঞ্চল বাদাখশান বর্তমানে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনকেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় পাঁচ বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর প্রদেশটিতে খনিজ খাত সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো রয়েছে। গত মে মাসে বাদাখশানে আফিমের পপি চাষ ধ্বংস করতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষে এক কিশোরসহ দুজন নিহত হন।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে বড় ধরনের যুদ্ধের অবসান হলেও বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে দায়েশ-খোরাসান। গত জানুয়ারিতে রাজধানী কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হন। ওই হামলার দায়ও স্বীকার করেছিল গোষ্ঠীটি।
এ ছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হন। ওই হামলার দায়ও গোষ্ঠীটি স্বীকার করেছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































