হাসপাতালে ঢুকে গয়না-টাকার ব্যাগ নিয়ে পালাল ‘চোর’, সিসি ফুটেজ দেখে চোখ কপালে পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১৫:৫৬
অ- অ+

ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতাল থেকে প্রায় ৪ লাখ রুপির গয়না ও নগদ টাকা রাখা একটি ব্যাগ চুরি হয়েছে। তবে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্যাগটি নিয়ে পালানো ‘চোর’ কোনো মানুষ নয়, একটি কুকুর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে। হাসপাতালের নাহারগড় থানার অধীন কায়ামপুরের বাসিন্দা লতাবাই বাল্মীকির ব্যাগটি খোয়া যায়। তাঁর ছেলে হাতের আঘাতের চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি ছিল।

লতাবাইয়ের অভিযোগ, রোববার ও সোমবারের মধ্যবর্তী রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো একসময় ব্যাগটি নিখোঁজ হয়। ব্যাগে একটি রুপার কোমরবন্ধনী, রুপার নূপুর, সোনার মঙ্গলসূত্র, দুটি সোনার আংটি, রুপার ঘুঙুর, সোনার পুঁতি, কানের দুল, নাকফুল ও রুপার আঙুলের আংটি ছিল। এ ছাড়া প্রায় ২ হাজার রুপি নগদও ছিল।

সব মিলিয়ে ব্যাগে থাকা গয়না ও নগদের মূল্য প্রায় ৪ লাখ রুপি বলে ধারণা করা হয়। ব্যাগটি না পেয়ে লতাবাই সিটি কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

পুলিশ এরপর হাসপাতালের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা শুরু করে। ফুটেজ দেখে তদন্ত কর্মকর্তারা প্রথমে অবাক হয়ে যান। সেখানে দেখা যায়, একটি কুকুর সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকে ব্যাগটি মুখে করে নিয়ে যাচ্ছে।

এরপর হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন ক্যামেরার ফুটেজ দেখে কুকুরটির গতিবিধি অনুসরণ করে পুলিশ। একপর্যায়ে হাসপাতাল চত্বরের একটি খোলা জায়গায় গিয়ে ব্যাগটির সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, ব্যাগের ভেতরে থাকা গয়না ও নগদ টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার সন্ধ্যায় উদ্ধার করা গয়না ও টাকা লতাবাইয়ের কাছে হস্তান্তর করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার
উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার হুমকি ট্রাম্পের
ঈদে মিলাদুন্নবী: সৈয়দপুরে জশনে জুলুসে জনস্রোত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা