লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার হুমকি ট্রাম্পের

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে। কানাডার গাড়ি, ট্রাক, যন্ত্রাংশ ও ইস্পাতের ওপর নতুন করে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা ব্যবস্থা হিসেবে শত শত মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।
এর মধ্যেই লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার কথা বলেছেন ট্রাম্প। মঙ্গলবার (২৫ আগস্ট) ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।’
ট্রাম্প আরও মন্তব্য করেন, ভবিষ্যতে অন্টারিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব বেশি বাণিজ্য হবে না। পরে ‘লেক আমেরিকা’ নাম উল্লেখ করে একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কানাডার যুক্তরাষ্ট্রবিষয়ক বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বলেন, মার্কিন প্রেসিডেন্ট বা তার প্রশাসনের প্রতিদিনের সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের প্রতিক্রিয়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার।
লেক অন্টারিও উত্তর আমেরিকার পাঁচটি বৃহৎ হ্রদের একটি। হ্রদটির এক পাশে কানাডার অন্টারিও প্রদেশ এবং অন্য পাশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য অবস্থিত। আন্তর্জাতিকভাবে পরিচিত এই হ্রদের নাম যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরিবর্তন করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেয়া হয়নি।
এর আগে ২০২৫ সালে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ‘গালফ অব মেক্সিকো’র পরিবর্তে ‘গালফ অব আমেরিকা’ নাম ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, লেক অন্টারিওর নাম পরিবর্তনের ট্রাম্পের এমন মন্তব্য কানাডার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রতীকী প্রচেষ্টা হতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































