টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি জি-৩ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ এবং ৫ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে কোস্ট গার্ড। পরে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি জি-৩ রাইফেল, একটি ম্যাগাজিন, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি ও এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































