মাওয়া-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, গাড়িচালক গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোহাগ ওরফে সামসুল হক (৩০) নিহত হওয়ার ঘটনায় গাড়িচালক শাহজাহানকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে রাজধানীর জুরাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দুপুর পৌনে একটার দিকে জুরাইন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার পাঠানো অধিযাচনপত্রের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় মাওয়া-ঢাকা মহাসড়কের সার্ভিস লেনে একটি গাড়ি বেপরোয়া ও দ্রুতগতিতে পেছন থেকে সোহাগকে ধাক্কা দেয়। ওই সময় তিনি তেঘরিয়া এলাকার একটি গ্যারেজে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর চালক শাহজাহান গাড়ি নিয়ে পালিয়ে যান। গুরুতর আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সোহাগের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়।
গ্রেপ্তার শাহজাহানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































