বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আনসারের ভূমিকা নিয়ে মন্ত্রী-মহাপরিচালকের বৈঠক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জানান। গত ২১ আগস্ট প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্ব পায়। বিমানবন্দরকে দেশের প্রবেশদ্বার উল্লেখ করে যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের সমন্বয় ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।
বৈঠকে মন্ত্রণালয় ও আনসার-ভিডিপির মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































