সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৯ বার পেছাল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৫:১৯
অ- অ+

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছাল। এ নিয়ে আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছানো হলো। আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তে নিয়োজিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমান, রুনির বাসার নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তানভীর রহমান ও পলাশ রুদ্র পাল জামিনে রয়েছেন। অন্যরা কারাগারে আটক আছেন।

শুরুতে শেরেবাংলা নগর থানা পুলিশ মামলাটির তদন্ত করে। পরে তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দেওয়া হয়। এরপর মামলাটির তদন্তের দায়িত্ব পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তবে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তভার র‌্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন। চার সদস্যের ওই টাস্কফোর্সের আহ্বায়ক করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে।

দীর্ঘ ১৪ বছরেও বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা না হওয়ায় মামলাটি নিয়ে প্রশ্ন ও অপেক্ষা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ ও জাতির কল্যাণে দলনিরপেক্ষভাবেই দায়িত্বপালন করে যাবো: রাষ্ট্রপতি
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে, ২৭ বছর পর কাঠগড়ায় ‘মাস্টারমাইন্ড’
মোহাম্মদপুরে বিদেশি রিভলবার ও ইয়াবাসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার
হানিয়া আমিরের ভিডিও দেখে চমকে গেলেন ভক্তরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা