গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত, আহত অর্ধশত

গোপালগঞ্জের মুকসুদপুরে দু’পক্ষের সংঘর্ষে সাহেব আলী খন্দকার(৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়েছে। শুক্রবার সকাল ৭টায় উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷
স্থানীয়রা জানায়, সাহেব আলী খন্দকারের সঙ্গে একই গ্রামের তৈয়ব আলী মুন্সীর পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ এসময় উভয়পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে মুক্তিযোদ্ধা সাহেব আলিসহ উভয়পক্ষের ৫০ জন আহত হন। পরে তাদের মুকসুদপুর হাসপাতালে নিলে চিকিৎসক সাহেব আলি খন্দকারকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, মুক্তিযোদ্ধা সাহেব আলি খন্দকারের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন। লাশের ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা বলেরও জানান তিনি।
ঢাকাটাইমস/১২জুন/পিএল
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































