ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, জানুন থাকছে যেসব সুবিধা

বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ফ্রিল্যান্সারদের জন্য নিবন্ধন ও আইডি কার্ড প্রদানের উদ্যোগ নিচ্ছে। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পন্ন হয়েছে।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এই আইডি কার্ডের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে পেতে সক্ষম হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করতে ভালনারেবিলিটি এসেসমেন্ট এবং পেনেট্রেশন টেস্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগ ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও শক্তিশালী করবে এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে তরুণ সমাজের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এটি কৌশলগত জাতীয় উদ্যোগ হিসেবে কাজ করবে।
(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































