১৫ কোটি ব্যবহারকারীর জিমেইল, ফেসবুক, নেটফ্লিক্সের পাসওয়ার্ড ফাঁস

ফেসবুক, ইনস্টাগ্রাম, জি-মেইল, নেটফ্লিক্সসহ বিশ্বের একাধিক জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস হয়ে গেছে। সাম্প্রতিক এই তথ্যফাঁসের ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই ও সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলারের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৪ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর অনলাইন অ্যাকাউন্টের লগইন তথ্য একটি উন্মুক্ত ও অসুরক্ষিত ডেটাবেসে পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, এসব সংবেদনশীল তথ্য ইতোমধ্যে বা খুব সহজেই হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ডেটাবেসে শুধু সাধারণ ব্যবহারকারীদের তথ্যই নয়, বরং বড় করপোরেট সংস্থা ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের অফিসিয়াল অ্যাকাউন্টের পাসওয়ার্ডও অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি জাতীয় নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
প্রতিবেদন অনুযায়ী, তথ্যফাঁসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুগলের ই-মেইল পরিষেবা জি-মেইল। প্রায় ৪ কোটি ৮০ লাখ জি-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ফেসবুকের ১ কোটি ৭০ লাখ, ইনস্টাগ্রামের ৬৫ লাখ, নেটফ্লিক্সের ৩৪ লাখ, ইয়াহুর ৪০ লাখ এবং আউটলুকের প্রায় ১৫ লাখ অ্যাকাউন্টের গোপন তথ্য ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।
এতেই শেষ নয়। সংশ্লিষ্ট ডেটাবেসে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত লগইন তথ্য থাকার কথাও উঠে এসেছে। ফলে সাইবার অপরাধীরা চাইলে সহজেই আর্থিক জালিয়াতি, পরিচয় চুরি কিংবা বড় ধরনের ডিজিটাল প্রতারণা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, একটি উন্মুক্ত ডেটাবেসে এত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য অসুরক্ষিত অবস্থায় থাকা অত্যন্ত বিপজ্জনক। এতে সাধারণ ব্যবহারকারীরা যেমন বড় আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে পড়তে পারেন, তেমনি বড় প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় ব্যবস্থাও মারাত্মক হুমকির সম্মুখীন হতে পারে।
এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা এবং একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অনলাইন ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে, যাতে এই তথ্যফাঁসের প্রভাব আরও বিস্তৃত না হয়।
(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































