গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের চার্জশিট গ্রহণ, ২২ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ১৬:১৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যা মামলায় আদালত ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন। একই সঙ্গে পলাতক ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। আদালত পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির নির্দেশও দিয়েছেন।

চার্জশিটে আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও মুসলিম হলের আবাসিক ছাত্রদের নাম রয়েছে। বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের মো. জালাল মিয়া, ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন শাহ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া। এছাড়া আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ ও ওয়াজিবুল আলম জামিনে রয়েছেন। বাকি ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম জানান, আগের তদন্তে অব্যাহতি পাওয়া আটজনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে এই সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে তোফাজ্জল হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। মোবাইল চুরির সন্দেহে কিছু শিক্ষার্থী তাকে আটক করে মারধর করে। পরে তাকে ক্যান্টিনে খাওয়ানো হয় এবং জানালার সঙ্গে হাত বেঁধে স্টাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। রাত ১০টা ৫২ মিনিটে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়। পরে নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পর আদালত তদন্ত একত্রিত করার নির্দেশ দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আগামীকাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর
দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজ করবে ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
মহাখালী টার্মিনালের দীর্ঘ অপেক্ষমাণ বাস সরাতে ডিএমপির অভিযান
পূবাইলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা