ভোলায়
আটক জামায়াত কর্মী বিবি সাওদারের জামিন

ভোলায় আটক জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এ জামিন মঞ্জুর করেন।
বিবি সাওদা ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আব্দুল হালিম বাবলুর স্ত্রী। তাকে আটকের ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে পুলিশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে।
পুলিশ জানায়, গত রবিবার রাতে ভোলা পৌরসভার আদর্শ পাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন সোমবার তাকে আদালতে পাঠানো হয়।
ভোলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, আটকের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তা জানা ছিল না।
অন্যদিকে, সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুন অর রশিদ অভিযোগ করেন, কোনো ধরনের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই বিবি সাওদাকে আটক করা হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানান।
তিনি আরও বলেন, বিবি সাওদার একটি তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি জরুরি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































