দারুস সালাম এলাকায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দারুস সালাম থানাধীন গাবতলী-সাভার টু টেকনিক্যাল মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. আরিফ মিয়া (২০) ও মো. আমির হামজা (১৯)।
রাতেই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































