জমির উদ্দিন সরকারের স্মরণে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্টগুলোর কার্যক্রম দিনের দ্বিতীয় ভাগে বন্ধ থাকবে। একই সঙ্গে চেম্বার কোর্টের কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতি নিজের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বর্ষীয়ান রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
দেশের আইন ও রাজনীতিতে দীর্ঘদিনের অবদানের জন্য পরিচিত এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































