চুক্তির মেয়াদ বাড়ছে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের?

প্রশাসনের শীর্ষ দুই পদে থাকা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। তাঁদের চুক্তির মেয়াদ আজ সোমবার শেষ হওয়ার কথা রয়েছে।
আজই তাঁদের মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকারি একটি সূত্র জানিয়েছে।
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের এক দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব নেন।
এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকার তাঁকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য বিভাগের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরদিন ১৮ আগস্ট তিনি সেখানে যোগ দেন। পরে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব নেন তিনি।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ওই ব্যাচের ১৪২ জনের মেধাতালিকায় তাঁর অবস্থান ছিল ষষ্ঠ। ২০০৯ সালে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাঁকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছিল।
এহছানুল হকের মেয়াদও বাড়তে পারে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদও আরও এক বছর বাড়তে পারে।
২০২৪ সালের ১৭ আগস্ট তাঁকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। পরদিন ১৮ আগস্ট তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগ দেন।
পরে গত বছরের ১২ অক্টোবর তাঁকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।
এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদও আজ সোমবার শেষ হওয়ার কথা রয়েছে। তাঁর মেয়াদ বাড়ানোর বিষয়েও সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































