সঞ্জীবন প্রকল্পসহ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ২৩:৫৩
অ- অ+

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, জনবল নিয়োগ এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধার অনুমোদন দ্রুত সম্পন্ন করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনও উপস্থিত ছিলেন।

সভায় ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনসহ প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটির অনুমোদন দ্রুত দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে।

এ ছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়নের বিষয়টি সভায় গুরুত্ব পায়। সিবিএস বাস্তবায়ন ও ব্যাংকের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে ব্যাংকের ২০৫টি পদে নিয়োগপ্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ব্যাংকটির কর্মকর্তারা বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে। এর ফলে সিবিএস বাস্তবায়ন এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।

সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিবিএস বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানানো হয়।

গ্রাহকসেবা আরও আধুনিক করার পাশাপাশি দ্রুত ও নিরাপদ আন্তব্যাংক লেনদেন নিশ্চিত করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ও ইএফটির মতো জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থায় যুক্ত করার উদ্যোগ নিয়েও সভায় আলোচনা হয়।

এসব কার্যক্রম বাস্তবায়িত হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভবিষ্যতে বেতন-ভাতা গ্রহণ, আন্তব্যাংক অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজে, দ্রুত ও নিরাপদভাবে নিতে পারবেন বলে সভায় জানানো হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইতিবাচক দিকনির্দেশনা ও সহযোগিতা ব্যাংকটির আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের জন্য প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পথও আরও সুগম হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন জেলার ডিসি প্রত্যাহার
দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা