দৃষ্টিহীন হয়েও মসজিদের পথ খুঁজে নেওয়া মুয়াজ্জিনের ইন্তেকাল

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের দৃষ্টিহীন মুয়াজ্জিন মোহাম্মাদ আব্দুর রহমান আর নেই।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুসল্লি, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এলাকাবাসী জানান, প্রায় ১৯ বছর আগে এক দুর্ঘটনায় দুই চোখের দৃষ্টি হারান আব্দুর রহমান। তবে অন্ধত্ব তাকে থামাতে পারেনি। পরিবারের সহায়তায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বাঁশ ও দড়ি টেনে একটি পথ তৈরি করেন তিনি। সেই দড়ি ও বাঁশ ধরে প্রতিদিন মসজিদে গিয়ে মাইক দিয়ে আজান দিতেন এবং পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতিও করতেন।
জানা যায়, ২০১১ সালে বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন তিনি। দেশে ফিরে নিজ গ্রামের পাঁচ শতাংশ জমির ওপর একটি পাকা মসজিদ নির্মাণ করেন। এরপর থেকেই ওই মসজিদে অবৈতনিক মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ব্যক্তিজীবনে আব্দুর রহমান দুই স্ত্রী, ১০ মেয়ে ও ৯ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে তার ছয় সন্তান মারা গেছেন।
স্থানীয়দের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার এক প্রতীক। দৃষ্টিশক্তি হারিয়েও নিজের দায়িত্ব ও ধর্মীয় কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































