বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩০
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে ০৮ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।

অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১৬ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। তফসিল ঘোষণার পর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। বর্তমানে ওই আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদ নির্বাচনের সময় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফল আসায় এ আসনে আলাদা গণভোটের প্রয়োজন হচ্ছে না।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীকে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা