সালমার জন্মদিনে ‘বড় আয়োজন’

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আকতার সালমার জন্মদিন আজ। জীবনের অনেক চাড়াই উৎরাই পার হয়ে আজকে এ অবস্থানে এসেছেন তিনি। গুলশানের একটি রেস্তোরাঁয় খুব কাছের কিছু মানুষকে নিয়ে কেক কাটবেন তিনি। এর আগে কখনোই এমন ঘটা করে জন্মদিন উদযাপন করা হয়নি এ ক্লোজআপ ওয়ান তারকার। আজ এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গল্প, আড্ডায় মেতে উঠবেন সালমা।
সালমা ঢাকাটাইমসকে বলেন, গতবছরের ২৯ ডিসেম্বর ক্লোজআপ ওয়ানে বিজয়ী হওয়ার ১০ বছর পূর্তি হয়েছে। সেই সঙ্গে এবার জন্মদিনের আনন্দ। আবার ১ জানুয়ারি গেছে মেয়ে স্নেহার জন্মদিন। সব মিলিয়ে এবারের জন্মদিনটি তাই একটু ভিন্ন আমেজের।
সালমা বলেন, ‘অনেক বড় করে জন্মদিনের আয়োজন করছি। সকাল থেকেই সবাই আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সংগীত নিয়েই যেন সারা জীবন কাটাতে পারি সবার কাছে সেই দোয়া চাই।’

২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তারকা হওয়ার তিন বছরের মধ্যেই বিয়ে হয়ে যায় সালমার। ২০০৯ সালে দিনাজপুরে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েই পরিচয় হয় শিবলী সাদিকের সঙ্গে। দুই বছর পর পারিবারিকভাবে হয় বিয়ে। এরও এক বছর পর কোল জুড়ে আসে সন্তান। স্বামী-সন্তান নিয়ে সালমার সুখের সংসারের কামনা ছিল লাখো ভক্তদের মধ্যে। কিন্তু হঠাৎ বজ্রপাতের মতোই আসে তাদের বিচ্ছেদের খবর। এখন বাবা-মা ও একমাত্র সন্তান স্নেহাকে নিয়েই কাটছে দিন।
(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/ এসজেআর/ডব্লিউবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































