কি করছেন রুনা

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান বছরজুড়ে ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। দক্ষ অভিনয়শৈলীর মাধ্যমে অসংখ্য দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।মূলত মঞ্চ নাটক থেকে টেলিভিশন মিডিয়ায় এসেছিলেন রুনা খান। এখন নাটকের পাশাপাশি মডেলিংয়ে কাজ করছেন।
নাগরিক নাট্যাঙ্গনের হয়ে মঞ্চে খালেদ খানের নির্দেশনায় ‘কাল সন্ধ্যা’ এবং সারা যাকেরের নির্দেশনায় ‘স্মৃতি ও ভবিষ্যৎ’ নাটক দুটিতে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এই অভিনেত্রী।
টিভি নাটকে তার অভিষেক ঘটে কায়েস চৌধুরীর পরিচালনায় ‘গেরদালী’ নাটকে। ভিন্ন ঘরানার এই শিল্পী বিটিভিতে প্রচারিত শিশুতোষ ধারাবাহিক ‘সিসিমপুর’-এর মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি পান।
শিল্পের বিভিন্ন ধারায় বহমান এই শিল্পী একে একে কাজ করেছেন অনেকগুলো চলচ্চিত্রে। সম্প্রতি শেষ করেছেন অভিনেতা তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ এবং অন্যটি বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ এর শুটিং। দুটি চলচ্চিত্রেই ভিন্নধর্মী চরিত্রে তিনি অভিনয় করেছেন। এখন ধারাবাহিক নাটকের কাজ নিয়ে রয়েছে ব্যস্ততা।
নাটকের সঙ্গে দীর্ঘদিনের পথচলা রুনা খানের। সে জায়গা থেকে এ মাধ্যমটির প্রতি ভালোবাসাটাও অন্যরকম। তাছাড়া নিজেকে পরিপূর্ণ নাটকের মানুষ বলেই মনে করেন রুনা খান। নাটকে অভিনয়ের বিষয়ে রুনা ঢাকাটাইমসকে বলেন, এখন সোহেল আরমানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক জলরঙ’য়ে কাজ করছি। এখন এই সেটেই রয়েছি। এছাড়া এটিএন এর জন্য অনিমেষ আইচ এর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বুবুনের সাত সতেরো’য় কাজ শেষ করলাম।’
.jpg)
এছাড়াও তার অভিনীত ও গোলাম সোহরাব দ্যোদুল এর ‘সংসার’ এনটিভিতে প্রচার হচ্ছে। আরটিভিতে প্রচার হচ্ছে রায়হান খান পরিচালিত ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’। অরন্য আনোয়ার এর দহনও আর টিভিতেই চলছে। শফিকুর রহমান শান্তনুর রচনা ও পরিচালনায় ‘লাইফ ইন এ মেট্রো’ চ্যানেল এটিএন এ।
এ পর্যন্ত রুনার অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে বালিঘড়ি, ঊনাদিত্য, বাথান, নমুনা, ছিটকিনি, কালো মেঘের ভেলায় ও ঘুনটি ঘরে অভিনয় করেছেন। এগুলো সব চলচ্চিত্রই রয়েছে মুক্তির অপেক্ষায়।
ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এমইউ/এজেড
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































