ভদ্রলোক একটু বেশি কথা বলেন, কাদের প্রসঙ্গে দুদু

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন ‘ভদ্র লোক একটু বেশি কথা বলেন। আর যারা বেশি কথা বলেন তাদের ভুল বেশি হয়।’
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আলোজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতা এ কথা বলেন। তিনি বলেন, ওবায়দুল কাদের যে কথাই বলুন না কেন, আগামী সংসদ নির্বাচন বিএনপির দাবি মেনে নিরপেক্ষ সরকারের অধীনেই দিতে হবে।
বিএনপি ইতিহাস বিকৃত করে’ সম্প্রতি ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে দুদু বলেন, ‘তিনি বলেছেন বিএনপি ইতিহাস বিকৃত করে। তিনি যদি বলতেন ১৯৭১ সালে মার্চ মাসে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, স্বাধীনতার আহ্বান জানিয়েছেন। সেটা বললে বুঝতাম তিনি সঠিক কথা বলেছেন। তিনি সে কথা বলেননি, বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন।’
দুদু বলেন, ‘শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগে ২৫ জানুয়ারি একদলীয় যে শাসন ব্যবস্থায় গিয়েছিলেন সে কথা আমি এখন বলতে চাই না। কিন্তু তিনি মার্চ মাসে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিলেন।’
আওয়ামী লীগ গণতন্ত্র ও স্বাধীনতা মানে না অভিযোগ করে দুদু বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া কাউকে সংগঠন করতে দেয় না, লিখতে দেয় না, বলতে দেয় না। বেগম খালেদা জিয়াকে নিয়ে সমাবেশ করব কিন্তু অনুমতি দেয় না। অথচ জাপা, জাসদ অনুমতি পায়। ওবায়দুল কাদের সাহেব এই কথাগুলো স্বীকার করলে তাকে ধন্যবাদ দিতাম।’
নির্বাচনে পরাজিত হলে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখবেন না- ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কথা বলে দুদু বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে কীসের জন্য আমাদের নির্বাচনে যেতে হবে? আমরা তো নির্বাচনী দল। আমরা তো ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে বলি না, ‘এক এগারোর সরকার আন্দোলনের ফসল’।”
আওয়ামী লীগ সংবিধান মানে না- এমন মন্তব্য করে দুদু বলেন, ‘আমাদের কি দায় পড়েছে বিতর্কিত প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করতে হবে? আমাদের কথা পরিষ্কার, বিএনপি সংসদ নির্বাচন করতে চায়। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীকে ক্ষমতায় রেখে নয়।’
সংবিধানে যেভাবে বলা আছে, সেভাবেই নির্বাচন হবে-ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে দুদু বলেন, ‘বাংলাদেশে সংবিধানের অধীনে আবার সংবিধানের বাইরেও নির্বাচন হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য ১৯৯১ সালের নির্বাচন কোন সংবিধানের অধীনে হয়েছিল?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সংষদ নির্বাচনে বিএনপি আসবে-এটা আওয়ামী লীগের লোকও বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন দুদু।
(ঢাকাটাইমস/১১মার্চ/বিইউ/জেডএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































