প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি আইনজীবীরা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে পারেননি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। তারা বাসার গেইট থেকে ফিরে এসেছেন।
সোমবার সন্ধ্যায় কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির বাসায় যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। তবে ভেতরে প্রবেশ করতে না পেরে ফিরে আসেন তারা।
প্রধান বিচারপতির বাসার সামনেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ৯টায় আইনজীবী সমিতি জরুরি বৈঠক ডাকা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, উনি ছুটির আবেদন করেছেন, ব্যক্তিগত কারণে একজন ছুটি পাইতেই পারেন। তবে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সঙ্গে এ ছুটির কোনো সম্পর্ক নেই। প্রধান বিচারপতি ছুটিতে থাকায় সংবিধান অনুযায়ী পরবর্তী জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
আইনমন্ত্রী আনিসুল হক ঢাকাটাইমসকে বলেন, ‘প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছেন বলে আমি জানতে পেরেছি।’
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলছে। আদালত খোলার দিন ৩ অক্টোবর প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে প্রজ্ঞাপন জারি করেছে।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/এমএবি/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































