উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে ‘প্রকাশ্যে মারধর’

সিরাজগঞ্জের তাড়াশে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অটোরিকশা থেকে নামিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর মহিলা কারিগরি স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানায়, প্রায়ই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ও স্কুলের আসার পথে অভিযুক্তরা তাকে উত্যক্ত করতো। আজ প্রতিবাদ করায় জুতা দিয়ে ও কিলঘুষি মেরে আমাকে আহত করে। এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা ও অটোচালক নাজমুল হক বলেন, অটোযোগে স্কুলে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক ওই স্কুলছাত্রীকে অশ্লীল কথা বলে। পরে কলেজের সামনে এসে ওই স্কুলছাত্রী প্রতিবাদ করার এক পর্যায়ে তারা ভ্যানের গতিরোধ করে তাকে প্রকাশ্যে এলোপাথারি কিলঘুষি মারে।
এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রুবেল, নয়ন ও নাজমুল পালিয়ে যায়।
কলেজটির সুপারেন্টেন্ড (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, স্কুলছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ করেছেন। দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/৫অক্টোবর/পিএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































