বিপিএল স্থগিত করল বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:০৫
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিলেও মন গলেনি ক্রিকেটারদের। বোর্ড পরিচালক থেকে তার পদত্যাগের দাবিতে দিনের দুটি ম্যাচই বয়কট করেছেন। এরপর বিপিএলের দ্বাদশ আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি হচ্ছে না।

এর আগে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুরের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। এরপর আজ তাকে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তবে তিনি বোর্ড পরিচালকের পদ না ছাড়লে ক্রিকেটাররা মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ক্রিকেটাররা অবশ্য বিকেলে সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিসিবির পক্ষ থেকে নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে পরিচালক পদ থেকে সরানোর নিশ্চয়তা দেয়া হলে তারা সন্ধ্যার ম্যাচটি খেলবেন। তবে দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি। ক্রিকেটারদের বয়কটের মুখে বিসিবি এখন নিজেদের ফ্লাগশিপ টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিলো।

পূর্ব সূচি অনুযায়ী, টসের মুহূর্তে ধারাভাষ্যকার ও ম্যাচ অফিশিয়ালসদের মাঠে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তবে খেলার কোনো প্রস্তুতি নেই। মাঠের সীমানাদড়ি সরিয়ে নেওয়া হয়েছে। পিচও ঢেকে দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে নাজমুল পদত্যাগ না করায় দুপুর ১টায় শুরু বিপিএলের ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

বিকেলে ক্রিকেটাররা আরেকটি সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তাঁরা। এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

(ঢাকা টাইমস/১৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দুই তেলের ট্যাংকারে আগুন
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা