ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনার কারণে দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে।
সোমবার সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক কথার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে গত ৫ থেকে সাড়ে ৫ বছর কোনো ক্যাম্পেইন হয়নি। প্রতি ৪ বছর পরপর হাম-রুবেলার ক্যাম্পেইন হওয়ার কথা। কিন্তু তা হয়নি। ফলে নতুন করে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। পূর্ববর্তী সরকারগুলোর গাফিলতিতে টিকার সংকট তৈরি হয়েছে। দেশব্যাপী হামসহ ৬টিকার অভাব দেখা দেয়। এর ফলে বহু শিশু সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, তবে আমরা জরুরি ভিত্তিতে এগুলো প্রতিকারে কাজ করে যাচ্ছি। ৫ এপ্রিল থেকে হামের টিকা দেওয়া শুরু হয়েছে। যার মধ্যে ৫টি স্পটে আমি ও আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলাম। সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। গতকাল আমাদের সফলতা হলো ৭৩ হাজার শিশু টিকা নিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদানের পাশাপাশি হামে আক্রান্ত শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরও আইসোলেশন ইউনিট প্রস্তুত আছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে হাম মোকাবিলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৫ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































