হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৪৪৮

দেশে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৮ জনের মধ্যে এ রোগের উপসর্গ পাওয়া গেছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৪৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এর আগের দিন রবিবার পরিস্থিতি ছিল আরও গুরুতর। সেদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে ১ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে ১৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে রোগটি শনাক্ত হয় এবং ৮ শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ৩৮ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এর মধ্যে ২২ হাজার ৪৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জনের শরীরে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৬৪ শিশুর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































