ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৭
অ- অ+

টানা ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। সোমবারের পর আজ মঙ্গলবার সকালেও বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটের সতর্কবার্তায় আইএমডি জানিয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রপাত ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।

সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ-ইস্ট দিল্লি, নর্থ-ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ-ইস্ট দিল্লি, সাউথ-ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবারের টানা বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। মঙ্গলবার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

তবে দিল্লি বিমানবন্দরে এখন পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের আশপাশে খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকলেও বর্তমানে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না বলে জানানো হয়েছে।

এর আগে সোমবার আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। ১২টি ফ্লাইট জয়পুরে, দুটি চণ্ডীগড়ে এবং একটি লখনউয়ে অবতরণ করে।

দিল্লিতে ভারী বৃষ্টির পেছনে উত্তর দিকের শুষ্ক বাতাস ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের সংঘর্ষকে দায়ী করেছেন আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত।

তার ব্যাখ্যা অনুযায়ী, পশ্চিমবঙ্গের কাছে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প উত্তর ভারতের দিকে প্রবাহিত হচ্ছে। একই সময়ে উত্তর দিক থেকে দিল্লিতে ঢুকছে শুষ্ক বাতাস। দুই ধরনের বাতাসের সংঘর্ষে শক্তিশালী বজ্রঝড় সৃষ্টি হচ্ছে এবং অল্প সময়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

দিল্লির পাশাপাশি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্শ্ববর্তী গুরগাঁওও। সোমবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর ৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

পানি জমে সড়কে স্কুলবাস আটকে পড়ার পাশাপাশি অনেক গাড়িচালককে গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা যায়। পরিস্থিতি মোকাবিলায় গুরগাঁও প্রশাসন স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়া এবং অফিসগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দিল্লি ও আশপাশের এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এতে জলাবদ্ধতা, যানজট এবং জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত
শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা