সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী।
তাদের দাবি, সৌদি মালিকানাধীন ‘আমজান’ নামের ট্যাংকারটিকে লোহিত সাগরে সৌদি উপকূলের কাছে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের ইয়ানবু উপকূলের কাছে আমজান ট্যাংকারটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি দাবি করেন, “ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল নিখুঁত ও সরাসরি। এতে জাহাজটিতে বড় ধরনের আগুন ধরে যায়।”
তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
হুথিদের দাবির কয়েক ঘণ্টা আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা জানিয়েছিল, ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল বা ১১৭ কিলোমিটার পশ্চিমে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই প্রজেক্টাইল কী ধরনের ছিল এবং কারা তা ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নিরাপত্তা উদ্বেগ অব্যাহত রয়েছে। হুথিদের হামলার কারণে এর আগেও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে ওই অঞ্চলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে।
ইসরায়েল-গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা। গোষ্ঠীটির দাবি, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে চাপ সৃষ্টি করতেই তারা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ ও অন্যান্য বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করছে।
তবে এসব হামলার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। লোহিত সাগর হয়ে সুয়েজ খাল দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়।
সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত ইয়ানবু দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও তেল অবকাঠামো কেন্দ্র। ফলে ওই এলাকার কাছাকাছি একটি তেলবাহী জাহাজে হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
তবে আমজান ট্যাংকারে হামলার বিষয়ে হুথিদের দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। জাহাজটির ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা এটি কোন ধরনের তেল পরিবহন করছিল- এসব বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































