ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সত্য ছবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে: প্রেস উইং

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১০:২০
অ- অ+

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন। ওই অনুষ্ঠানের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয় এবং পরে তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ওই ছবি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে। মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এআই-জেনারেটেড ছবিটিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। অথচ ওই ছবিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করার চেষ্টা চলছে এবং এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এর ২ অক্টোবর ২০২৬-এর একটি প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথিত ছবিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে ছবিটি যাচাই করে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদনে যে ছবিটিকে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে, বর্তমানে সেই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

প্রেস উইং আরও দাবি করেছে, হোয়াইট হাউস থেকে পাঠানো প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিটি সত্য এবং সেটিকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত
আবাসন সংকটে উত্তাল স্পেন, রাজপথে লাখো মানুষের ঢল
নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজে ঝুলল বন্ধের তালা, বেকার দুই হাজার শ্রমিক