নির্ধারিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক, হবে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৯:৪৫
অ- অ+

রাজধানীর সড়ক ও ফুটপাতে সিটি করপোরেশন নির্ধারিত স্থান ছাড়া হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাঁদের মালামাল জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার রাজধানীর ধলপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএসসিসির প্রশাসক বলেন, হকারদের জন্য কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব স্থানের বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে এখন থেকে উচ্ছেদের পাশাপাশি তাঁর মালামাল জব্দ এবং সরাসরি মামলা করা হবে।’

মো. আবদুস সালাম বলেন, শহরের সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও কোনো হকার বসতে পারবেন না।

হকারদের নোটিশ দেওয়া ও পুনর্বাসনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দফায় দফায় হকার নেতাদের সঙ্গে বৈঠক করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নতুন করে নোটিশ দেওয়ার কোনো বিষয় নেই।

পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে কর দেন, তাঁরা কী চান—সেই বিষয়টি সামনে রেখে এ বিষয়ে প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি।’

পরিদর্শনের সময় ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক।

তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজারো মানুষ দুর্ভোগে পড়ছেন। ওয়াসাসহ অন্যান্য সেবামূলক সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের এই জটিলতার স্থায়ী সমাধানের বিষয়ে মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পরপর নিয়মিত বৈঠক হচ্ছে।

তিনি বলেন, ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে, যাতে দীর্ঘদিনের এসব জটিলতার স্থায়ী সমাধান করা যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা