আদর আজাদের নতুন ছবি ‘মুক্তি’

‘মুক্তি’ নামের নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ইফতেখার চৌধুরী। এই ছবিতে সাতজন নায়ককে দেখা যাবে। এরই মধ্যে সেই সাত নায়ক চূড়ান্ত করাও হয়েছে। তাদের একজন আদর আজাদ। তার বিপরীতে দেখা যাবে নবাগতা রাজ রিপাকে।
শনিবার আনুষ্ঠানিকভাবে ছবিটিতে চু্ক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন আদর আজাদ। সোমবার আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে অন্য নায়কদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন বলে জানান নির্মাতা।
ছবিটিতে চুক্তিবদ্ধের বিষয়ে আদর আজাদ বলেন, ইফতেখার চৌধুরীর মতো নামি নির্মাতার ছবিতে কাজ করছি এটা আমার জন্য দারুণ একটি ঘটনা। পুরোপুরি অ্যাকশনধর্মী চলচ্চিত্র এটি। অ্যাকশন নির্ভর এই ছবিতে কাজের জন্য আমাকে বেশকিছু প্রস্তুতি নিতে হচ্ছে। সেভাবেই আগাচ্ছি।
মুক্তি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন গুঞ্জন রহমান। সংগীত আয়োজন করছেন আহমেদ হুমায়ূন। আসছে জানুয়ারির ৫ তারিখ থেকে ঢাকার বাইরে ছবির শুটিং শুরু হবে।
এদিকে, সম্প্রতি আদর আজাদ কাজ করেছেন ‘চিতকার’ সিনেমার। এটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। গত মাসে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি।
এছাড়াও ‘পোড়া অন্তর’ নামের আরো একটি ছবিতে কাজ করেছেন আদর। এতে তার বিপরীতে দেখা মিলবে অরিনকে। কে বি মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী।
(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































