সুফিবাদ: শিতালং শাহ

সিলেট অঞ্চলে যেসব সুফি সাধক ইসলামি ভাব জগতে অবগাহন করে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে স্বর্গীয় আনন্দে আল্লাহর প্রেমে নিজেকে সমর্পণ করেছেন, যাদের নিরলস আধ্যাত্মিক সাধনা বাংলার মরমি দর্শনের এক অমূল্য সম্পদ তাদের একজন শিতালং শাহ। পার্থিব জগতের মোহ ত্যাগ করে আল্লাহর প্রেমে আত্মমগ্ন হয়ে মিলনের কঠোর তপস্যা বিরহ বিচ্ছেদের অনলে পুড়ে নিজেকে পূর্ণতা দিয়েছেন এই সাধক। অসাধারণ মেধাবী ও জ্ঞানের অধিকারী এই মরমি সাধকের জন্ম ব্রিটিশ আমলের সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার অন্তর্গত বদরপুর থানার শ্রীগরি এলাকার খিত্তা শিলচর নামক গ্রামে। তাঁর বাবার নাম জাহান বখস আলী আর মাতার নাম সুরত বিবি। জাহান বখসের শ্বশুর শ্রীগরির জমিদার মীর মামুদে কাছাড় জেলার শেয়ালটেক বাজার থেকে পূর্ব উত্তরে তারিনীপুর গ্রামে কিছু জমি খরিদ করে জামাতাকে দান করলে তিনি সেখানেই বসতি স্থাপন করেন। পরবর্তী সময়ে জাহান বখস বদরপুরের সন্নিহিত দেওরাইল গ্রামে বাড়ি নির্মাণ করেন। এ দেওরাইল গ্রামেই সুফি শিতালং শাহের শ্বশুরালয়।
তারিনীপুর মক্তবের লেখাপড়া সমাপ্ত হলে তিনি তৎকালীন সিলেট জেলার আধ্যাত্মিক ও ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি আরবি ও ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করে ইলমে তাছাউফের দীক্ষা নেন তখনকার শ্রেষ্ঠ কামিল বুজুর্গ শাহ আব্দুল ওহাব ও শাহ আব্দুল কাদিরের নিকট। এদের সংস্পর্শে তিনি ইলমে মারিফতের জ্ঞানে অনুপ্রাণিত হন।
তাঁর নিজের ভাষায়—
শাহ আব্দুল আলী মোর পীর দস্তেগীর
হাছিল মুরাদ ছিলা বাতিনে জাহির
খুরশিদ কামিল শাহ আব্দুল ওহাব
তিনির প্রসাদে হেল ধেয়ানেতে লাভ।
দ্বিতীয় মুর্শিদ শাহ আব্দুল কাদির
শিশুকালে কেরামতি আছর জাহির
এই দুই সাহেবে লোরে রাখিয়া কৃপায়
ভেদ মর্ম শিক্ষা দিলা ওজ্জু নির্ঘায়।
তিনি মাদ্রাসা শিক্ষা শেষ করে শাহ আব্দুল ওহাবের খেদমতে অনেক দিন থেকে যান। এ সময়ে ওস্তাদ তাকে ‘শীতালং পায়ের গোড়ালি’ উপাধি প্রদান করেন। তখন থেকে মোহাম্মদ সলিম শিতালং শাহ নামেই পরিচিত হয়ে উঠেন। ওস্তাদ কর্তৃক প্রদত্ত তখললুস শীতালং শাহ এবং ওস্তাদের নির্দেশে নির্জনে সাধনার জন্যে লাউড়ের পাথড়ে ও ভুবনের পাহাড়ে আত্মগোপন করে আল্লাহর প্রেমে আত্মমগ্ন হন। দীর্ঘ ১২ বছর কঠোর সাধনার পর নির্জনতা ত্যাগ করে সংসারে প্রবেশ করেন। তিনি ছিলেন শরিয়তের আলিম ও মারিফতের সাধক। এ সময়ে সংসার ধর্ম পালনের পাশাপাশি তিনি মরমি সংগীত রচনা করেন। তাঁর গানসমূহ ‘মুশকিল তরান, ‘কিয়ামত নামা’ ও ‘বাগ বাউলা’ এই তিন খণ্ডে বিভক্ত। তাঁর ভক্ত মুরীদ ও স্বজনদের গান ছাপিয়ে প্রকাশ করতে নিষেধ করে যান। তাঁর লেখা অনেক গান সিলেট ও কাছাড়ের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বলে মনে করা হয়।
শীতালং শাহের গানে বাউল ঘরানার অনেক অনুষঙ্গ উঠে আসলেও প্রকৃতপক্ষে তাঁর গানে মরমি দর্শনের প্রবহমান ধারা বিরাজিত। পরমসত্তার প্রেমের ব্যাকুলতা তাঁকে মরমি ভাবধারার সাথে বৈষ্ণব প্রভাব এবং ঐশ্বরিক প্রেমের সাথে জাগতিক প্রেমের সৌন্দর্য সাধারণের মনের গহিনে এক অন্যরকম মাদকতাময় ব্যঞ্জনার সৃষ্টি করে।
পরমসত্তার সাথে বিরহ মিলনে আধ্যাত্মিকভাবের রূপক ব্যঞ্জনায় রাধাকৃষ্ণের প্রেমকে শিতালং শাহ প্রকাশ করেছেন—
“কাশী বিন্ধাবনবাসী
আমি গোকুল নিবাসি
মথুরায় রহিলে প্রভু
পাই কিসেতে দুঃখিনী।”
আল্লাহর প্রতি বিশুদ্ধ প্রেম ও আত্মার পবিত্রতা সুফিবাদের মূল সুর। একমাত্র আল্লাহর প্রেমেই সুফিদের ধ্যান-জ্ঞান ও সাধনা। আল্লাহর প্রেমের আগুনে অহমকে দাহ্য করে সাধকের অনুভূতি ও উপলব্ধিতে আল্লাহর প্রেমের ঢেউ খেলে সাধকের সত্তা জুড়ে নিরবচ্ছিন্ন হয়ে আল্লাহর জিকিরে মত্ত হয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন— “আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।” জিকরই একমাত্র হৃদয়ের প্রশান্তি এনে দেয়। জিকর হলো আল্লাহর সান্নিধ্য লাভের সুফি সাধকের প্রথম ও প্রধান সিঁড়ি। সুফি সাধনার অন্যতম এ উপাদান শিতালং শাহের অনুভূতির গভীরে দোল খায়।”
ও ভাই নামা জপরে দমের জিকির
তছবিহ তহমিদ জপো তহলিল তকবির
তছবি জপিলে হয় বেশি সোনাছবি
আওয়াল আখের এসে বুলন্দ নসিব।
পারস্যের সুফিতত্ত্বের ভাবধারা ও শিতালং শাহের চিন্তা-চেতনার সাথে মিশে এক নবরূপে বিকশিত হয়। শেখ সাদির সুফিতাত্ত্বিক পঙক্তি; বারগে দরখজ্ঞানে সবুজ দর নজরে হুঁশিয়ার হর হরকে দপ্তর আস্ত মারিফতে ফিরদেগার।
সবুজ বৃক্ষরাজির পত্র পল্লবের দিকে সতর্ক নির্দিষ্ট নিক্ষেপ করলে প্রতিটি পাতাই সৃষ্টিকর্তার দপ্তর মনে হবে। শিতালং শাহের গানে সে ব্যঞ্জনাই যেন মূর্ত হয়ে উঠে নবরূপে—
‘বৃক্ষ সিজরাতুল একিন দরক্ত নবীন
নূর মোহাম্মদী বৃক্ষ সঙ্গে রাত্রি দিন
খালিছ নূরেতে বৃক্ষ অপূর্ব বরণ
নূরেতে ছিরজিয়া বৃক্ষ আল্লাহ নিরঞ্জন।
বৃক্ষরাজি পত্রপল্লব, শাখা-প্রশাখা, লতাগুল্মের বৈচিত্র্য আল্লাহর সৃষ্টি রহস্যের অপার মহিমা প্রকাশিত হয়। আল্লাহ তাঁর নূর দিয়ে এসব বৃক্ষরাজিকে অপূর্ব সৌন্দর্যে সুশোভিত করে সৃজন করেছেন। বৃক্ষের ডালে ডালে আল্লাহর সিফত বিদ্যমান, প্রতিটি পত্রে আল্লাহর নিরানব্বই নামের জপমালা এবং পাতায় পাতায় আল্লাহর জিকিরের শোরগোল। ডালে ডালে বৃক্ষমূলে নবীর কালিমা শিতালং শাহের গানে আল্লাহ- রসূলের গুণকীর্তনে বৃক্ষরাজির নীরব নিমগ্র আরাধনার প্রকাশ পায়—
‘বৃক্ষ তাহলিল জপে প্রেমে বিয়াকূল
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসূল।’
কিংবাত্মন্য গানে—
সিফত রব্বানী বৃক্ষ ডালে ডালে তুলয়
নিরানব্বই নাম জপে একেক প্রত্রয়।
পত্রয় পত্রয় আল্লাহু জিকির
ডালে ডালে বৃক্ষমূলে কালিমা নবীর।’
সুফি সাধকের চরম লক্ষ্য হলো আল্লাহর প্রেমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে মিলনের পরম সত্যে একীভূত হওয়া। এ জন্যে তাঁকে অনেক ত্যাগ-তিতিক্ষা কষ্ট ক্লেশের মধ্য দিয়ে কণ্টাকাকীর্ণ পথে অতি সাবধানে চলতে হয়। সুফি সাধকের সুদীর্ঘ এ যাত্রাপথের নিম্নোক্ত মঞ্জিলসমূহ অতিক্রম করতে হয়। শরিয়ত, তরিকত, হকিকত ও মারিফত। শিতালং শাহের রচনায় সুফি সাধকের এ সুদীর্ঘ যাত্রাপথের কাব্যিক বর্ণনা পাওয়া যায়—
ভবের বাজারে আছে দোকান সারি সারি
জাতে জাতে ধন লইয়া বসিছে পশারি॥
বাজারের চারি দোকান সবার পরধান
এ চারি দোকানে বিকে মাল বদখশান॥
পরথম দোকানে রাজপনথ খোলা
যে দোকানে লাগিআছে শরিয়তের তালা॥
দিতিআ দোকানে যেই করি আছে ছন্দি।
জগত ছত্তআলে যত সেই দোকানে বন্দি॥
সেই দোকানে হইবে জগত উজালা।
সে দোকানে লাগি আছে তরিকতের তালা
তিরতিয়া দোকানে আছে অতিশের চুলা।
সে দোকানে লাগি আছে হকিকতের তালা॥
চতুরথ দোকানে বন্ধ আমানত পুনজি।
সে দোকানে লাগি আছে মারিফতের কুনজি ॥
শিতালং ফকিরে বলে হইয়া উদাস।
খুলা না পাইলাম কুঞ্জ না পুরিল আশ॥
সুফিতত্ত্বের প্রথম মোকাম হচ্ছে আল্লাহর পথে স্থিতি। আর প্রথম মঞ্জিলের নাম শরিয়ত। নাসূত মুকামে শরিয়তের বিধি বিধান একাগ্রচিত্তে পালনের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার প্রারম্ভিক স্তরের প্রস্তুতি সম্পন্ন করতে হয়। শরিয়তের প্রধান স্তম্ভগুলো— কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এবং আল্লাহ রসুলের নির্দেশিত বিধি বিধানের কঠোর অনুশীলনের মাধ্যমে প্রবৃত্তিকে দমন করে সত্যের সৌন্দর্যে অবগাহন করতে হয়, শিতালং শাহের গানে সে সত্যিই উদ্ভাসিত হয়।
নামাজ আজব চিজ নামাজ অমূল্য ধন
শিখরে ভাই নামাজের সাধন ॥
কেন আইলা এ রে এ ভবের মাঝ
এ ভবে আসিয়াআ না পড়লা এ নামাজ
কলেমা, নামাজ, রোজা করবে সাধন
নবিজির তরিকে কর আল্লাহর স্মরণ॥
সুফিতত্ত্বের দ্বিতীয় মঞ্জিল হলো তরিকত। শরিয়তের বিধিবিধান পালনের পরীক্ষায় উত্তীর্ণ হলে এ স্তরে সাধককে আধ্যাত্মিক আলোকে প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ মুর্শিদের সাহায্য নিতে হয়। মলকূত মোকাম হচ্ছে সম্পূর্ণ পবিত্রতার স্তর। এটা হলো আধ্যাত্মিক জগতের প্রবেশপথের একমাত্র দরজা। এ স্তরে মুরীদ মুর্শিদের ইচ্ছার মধ্যে নিজের ইচ্ছাকে সমর্পিত করেন। শিতালং শাহের রচনায় এ মঞ্জিলের কথা গুরুত্বের সাথে উঠে আসে।
“এই নদীতে শতবার কেমনে যাইতায় বাইয়া
ধরোগি মুর্শিদ রতন কামিল আলিম চাইয়া
বরাতের জোরে যদি মুর্শিদ যাও পাইয়া
তছবিহ তাহলিল দিবা বাঁচার পথ বাতাইয়া
শিতালং ফকিরে কয় মনারে ভাইয়া
কাম নদীর পাড়ি শিখো মুর্শিদ বাড়ি যাইয়া॥”
সুফিতত্ত্বের তৃতীয় মঞ্জিল হলো হকিকত। এ স্তরে সাধকের জাগতিক সমস্ত সত্তা পরমসত্তার প্রেমের মধ্যে ডুবে যান। জবরুত মুকামে সাধকের অন্তরে উচ্চারিত হয় (কুল ইন্না সালাতি ও নুসুফি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন), আমার নামাজ-রোজা, আমার উপাসনা-আরাধনা, আমার জীবন-মরণ সবই মহান আল্লাহর জন্য। সাধক এ স্তরে আধ্যাত্মিক আলোয় আলোকিত হন। তিনি (ধ্যানালোকে) অবস্থান করে স্রষ্টার সৃষ্টির লীলাখেলা ও গভীর অবলোকন করার ক্ষমতা অর্জন করেন।
“রসিক হৈল যারা প্রেমের প্রেমিক তারা
প্রবেশ করায় চন্দ্রপুরী ॥
জবরুতে প্রবেশ যেই স্বরূপ দেখিল সেই
দর্শনে অঙ্গ হয় নূরী ॥
সুফিতত্ত্বে, সর্বশেষ মঞ্জিলের নাম মারিফত। লাহুত মুকামে সাধক তাঁর সাধনার চরম লক্ষ্যে পৌঁছেন। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছের মধ্যে বিলীন করে দেন। এ স্তরে সাধকের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে পরম সত্যকে আবিষ্কার করেন, ফানা ফিল্লাহ স্তরে। এ স্তরেই মনসুর হাল্লাজ আবিষ্কার করেন (আনাল হক) আমিই সত্য। সাধক কবি শিতালং শাহ ও নিজ সাধনা বলে সে সত্যকে উপলব্ধি করে প্রকাশ করেন রূপের ঘরে আজব লীলা চান্দের মাঝে বন্দের খেলা গ, যে দেখিআছে বাজা হইছে মিরতু নাই তার জগত পুর ॥
লাহুতের বেপারিজারা ছবুর পুরে থাকে তারা গ অমুল্ল বিকি কিনি হিরালাল পরশমনি গ
জাইতে পারে সে বাজারে যে থাকে আমানত পুর ॥
শিতালং শাহ মারিফতি গান রচনায় মানব দেহ তৈরির অপূর্ব কলাকৌশল, স্রষ্টা সৃষ্টি রহস্য ভেদ করে আধ্যাত্মিক সাধনার পুঁজি নিয়ে পার্থিব জগতকে পিছে ফেলে অভীষ্ট লক্ষ্যে ফিরে যায়—
‘বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
আদমের অজুদে
কৌশল করিয়া পয়দা
করিছে মাবুদে।
সুজন মুর্শিদের কাছে আছে
বেপারের পুঞ্জি
খুলিতে ঘরের তালা
হা হু হয় কুঞ্জি।
শিতালং ফকির কয়
দুনিয়া মহাস্থান,
মুশকিল তরানী হইলো
মউতে ঈমান।’
আল্লাহ তায়ালা আরবি ভাষার ৩০টি বর্ণমালার মাধ্যমে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। আরবি হরফে মানব দেহের অঙ্গ সৌষ্ঠবের চমৎকার চিত্রায়ণ পাওয়া যায় শিতালং শাহের দেহতত্ত্বের গানে—
‘ত্রিশ হরফে কোরআন শরীফ
রচিয়াছে সাঁই
ত্রিশ হরফে আদম ছবি
রাখিয়াছে বানাই।’
শিতালং শাহ প্রায় তিন শতাধিক গান রচনা করেছেন। তাঁর গানগুলোকে বিষয়ভিত্তিক ভাবনার নিরিখে বিভাজন করলে পাওয়া যায়; আল্লাহর প্রেম, রসুলের প্রেম, মুর্শিদি, মারিফতি, দেহতাত্ত্বিক, প্রেমতত্ত্ব ও নিগূঢ়তত্ত্ব।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













