সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার টেলিফোনে শিক্ষার্থীদের কাছে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে এই খবর পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোনে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে উঠে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘদিনের আন্দোলনের সফলতায় অনেক শিক্ষার্থীকে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতেও দেখা যায়।
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের সেই দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটল।
(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































