সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি সদর দফতর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজ সকালে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই দিনে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণের কথা রয়েছে।
সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ শুরু হয়। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































