শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চালু হতে যাওয়া কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৫ মার্চ জারি করা এক নির্দেশনায় মাউশি জানায়, তাদের আওতাধীন সব মাধ্যমিক স্কুল ও কলেজে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালু করা হবে। পরে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
মাউশির ওই নির্দেশনায় বলা হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুত করা একটি ম্যানুয়াল অনুসরণ করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে দেশের মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণের আয়োজনের কথা বলা হয়েছিল। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে এই প্রশিক্ষণ আয়োজন করবেন বলে নির্দেশনায় উল্লেখ ছিল।
এ ছাড়া প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠনের কথাও বলা হয়েছিল। এই পুলের সদস্যরা প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন তদারকি করবেন।
নির্দেশনায় আরও বলা হয়, ম্যানুয়ালের বাইরে অন্য কোনো বিষয়ে কার্যক্রম সম্প্রসারণ করা যাবে না। পাশাপাশি প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্যও এই প্রশিক্ষণের আয়োজন করার কথা উল্লেখ করা হয়েছিল।
তবে সর্বশেষ অফিস আদেশে এই কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার কথা জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































