ডেমরায় ১০ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ডভ্যান জব্দ

রাজধানীর ডেমরায় আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৩৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. নাছির উদ্দিন ও মো. রাসেল। তাদের গ্রেপ্তারকালে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
রবিবার বিকালে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর ডেমরা থানাধীন ডেমরা চৌরাস্তা এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে একটি হলুদ ও নীল রংয়ের কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে ভ্যানের ড্রাইভার ও হেলপার পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে ভ্যানসহ দুজনকে আটক করে। তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম নাছির উদ্দিন ও রাসেল। এ সময় মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১১-৮৯৪৯ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































