সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা আজ, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩| আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮
অ- অ+

আজ (মঙ্গলবার) থেকে সারাদেশের সব কেন্দ্রে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। সকাল ১০টা থেকে একযোগে সারাদেশের সব কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন মাহদী আমিন। তিনি জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসবে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র নয় লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী নয় লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী সাত লাখ ৫১ হাজার ৯৩ জন। এবার ৩০ হাজার ৬৬৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে।

মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেবে এবার মোট তিন লাখ চার হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী এক লাখ ৪২ হাজার ৭৯৫ জন। দাখিল পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে মোট ৭৪২টি পরীক্ষাকেন্দ্র।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৩৪ হাজার ৬৬০ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র এক লাখ এক হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। মোট ৬৫৩টি কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় ১৪টি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষার হলে প্রবেশের সময় থেকে শুরু করে কেন্দ্র ত্যাগের মুহূর্ত পর্যন্ত এসব নিয়ম বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।

এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের ১৪ নির্দেশনা—

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।

৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।

৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না।

৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের ভেতর প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।

১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপ্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

বোর্ড সূত্রে জানা যায়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু হবে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩
বৈরী আবহাওয়ায় উপকূলে কোস্ট গার্ডের মাইকিং, সমুদ্রে না যাওয়ার আহ্বান
ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা