রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৬, ১৯:১৬
অ- অ+

ঢাকা মহানগর এলাকায় আরও ৪ টি নতুন থানা করার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেছেন, এরমধ্যে একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটি থানা স্থাপনের ‘চেষ্টা চলছে’।

শুক্রবার দুপুরে ঢাকার ৩০০ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে 'খিলক্ষেত পুলিশ ফাঁড়ি' উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে সেটাকে আমরা আরো শক্তিশালী করব। রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগিরই পাশ করার চেষ্টা করছি।

“এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরো একটি নতুন থানা করার চেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙ্গে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব। আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে।”

পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, “আমরা এখনো আদেশ পাইনি, পেলে আমরা ওই এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে ৪ টি থানা ও ৬ টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইন্স স্থাপনে ৬ হাজার ফোর্সের চাহিদা আছে।”

ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নয়নের চেষ্টায়’ গেল ১৫ দিনে ঢাকার বসিলা ও কারওয়ানাবাজারে দুটি পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর শুক্রবার খিলক্ষেত এলাকায় একটি ফাঁড়ি উদ্বোধন করা হলো।

এদিন পুলিশের এই নতুন ফাঁড়িটি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.আলী হোসেন ফকির।

এরমধ্যে নিজেদের ‘সক্ষমতা বাড়াতে’ নতুন থানা ও জনবল বাড়ানোর তথ্য দিলেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, “গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে আমাদের ১ হাজার ৬০০ ফোর্স থাকবে, ডেমরা পুলিশ লাইনে আমাদের ১ হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া আমাদের মিরপুর পুলিশ লাইনস, ওখানেও ২০ তলা একটা ব্যারাক আছে, আমরা গত মাসে উদ্বোধন করেছি। ছয় তলা পর্যন্ত ব্যারাক ২ হাজার ২০০ ফোর্স থাকবে।

আমাদের পূর্বাচলে ২০ তলা একটা বিল্ডিং আছে পুলিশ হেডকোয়ার্টারের। ওইখানে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকতেছে ৮০০-৯০০।”

এর বাইরে দিয়াবাড়ির পুলিশ লাইন্সে ১০ একর জায়গায় আছে জানিয়ে তিনি বলেন, “ওইখানেও আমরা ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ নিয়ে যাব। এই ১০ একর জায়গা ওখানেও আমরা আবাসন বর্ধিত করছি।

“বসিলা পুলিশ লাইন ছিল আগে তেমন কিছু ছিল না, আমরা গত কয়েক মাসে বসিলা পুলিশ লাইন্সে আমাদের ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে। আমাদের এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইনে ক্রাউডেড, সেটা আমরা শিফট করে নিয়ে যাচ্ছি, শিফটিং কাজ চলতেছে। ঐখানে ১৫০ থেকে ২০০ মেকানিক পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে।”

ডিএমপির একটা মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে জানিয়ে তিনি আরো বলেন, “এটাও গত বছর বসিলায় উদ্বোধন হয়েছে, ওটার কাজ চলতেছে। আর ফোর্থ হল ওখানে বসিলা পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এভাবে আমরা আমাদের আবাসন বৃদ্ধি করতেছি।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা